একটানা বৃষ্টিতে জলমগ্ন লিলুয়ার বিস্তীর্ণ অঞ্চল, নাকাল সাধারণ মানুষ
কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : সোমবার সকাল থেকেই একটানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার লিলুয়া। ঘটনায় প্রকাশ, লিলুয়া থানার অন্তর্গত দাসপাড়া অটো স্ট্যান্ড ও ঝিল রোড কার্যতঃ জলের তলায়। বৃষ্টির জল জমে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে উঠেছে। কোথাও হাঁটুজল, কোথ
একটানা বৃষ্টিতে জলমগ্ন লিলুয়ার বিস্তীর্ণ অঞ্চল, নাকাল সাধারণ মানুষ


কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : সোমবার সকাল থেকেই একটানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার লিলুয়া। ঘটনায় প্রকাশ, লিলুয়া থানার অন্তর্গত দাসপাড়া অটো স্ট্যান্ড ও ঝিল রোড কার্যতঃ জলের তলায়। বৃষ্টির জল জমে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে উঠেছে। কোথাও হাঁটুজল, কোথাও আবার জমা জলের নীচে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে জল ঠেলে যাতায়াত করতে গিয়ে নাকাল সাধারণ মানুষ। জলমগ্ন রাস্তায় একের পর এক গাড়ি গর্তে আটকে পড়ে এদিন। বেশ কিছু গাড়ি মাঝপথে রাস্তাতেই বিকল হয়ে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

শুধু দাসপাড়া বা ঝিল রোড নয়, জল জমেছে সালকিয়া রোডেও। ফলে পথচারীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন বাইক, টোটো, অটো এবং অন্যান্য যানবাহনের চালকেরা। জমা জলের কারণে রাস্তার গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে লিলুয়ার বিস্তীর্ণ এলাকা। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দ্রুত নামতে পারে না। তার সঙ্গে বেহাল রাস্তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাঁদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার এবং রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande