
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): বিশিষ্ট চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত হয়েছেন। সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি পরিবারে রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে। রাজীব বসু ছিলেন বিশিষ্ট চিত্র সাংবাদিক ও আলোকচিত্রী অশোক বসুর একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রাজীব বসু বিভিন্ন সংবাদ মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্র সাংবাদিকের ভূমিকায় গুরুদায়িত্ব পালন করেন। ছবির ফ্রেম নির্বাচনে স্বকীয়তার জন্য বিশেষ প্রশংসিত ছিলেন তিনি। তাঁর তোলা সংবাদচিত্র বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার লাভ করেছে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সদালাপী ছিলেন। তাঁর মধুর স্বভাবের জন্য সাংবাদিক ও চিত্র সাংবাদিক মহলেও তিনি সমানভাবেই বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বিশিষ্ট এই চিত্র সাংবাদিকদের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে কলকাতা প্রেসক্লাব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত