টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর, বন্ধ স্কুল-কলেজ
তমলুক, পূর্ব মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের জনজীবন। সোমবার জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্
বন্যা পরিস্থিতি


তমলুক, পূর্ব মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের জনজীবন। সোমবার জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজে এনডিআরএফ ও এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

​প্রবল বৃষ্টির কারণে জেলার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জল ঢুকে পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পটাশপুর ও হলদিয়ায় দুটি এনডিআরএফ দল এবং পটাশপুরে একটি এসডিআরএফ দল মোতায়েন রয়েছে। ত্রাণ ও জরুরি পরিষেবায় সহযোগিতার জন্য ৪০০ জন সিভিল ডিফেন্স কর্মীকেও কাজে নামানো হয়েছে।

​বন্যাদুর্গত মানুষের জন্য বিডিও -দের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় ২২টি কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। পাশাপাশি বিডিও-দের নেতৃত্বে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানও চলছে। জলমগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।

​সাধারণ মানুষের সাহায্যের জন্য প্রশাসনের তরফে দুটি পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। হলদিয়ার জন্য যোগাযোগ নম্বর ৭৯০৮৫২১২০০। জেলার অন্যান্য এলাকার জন্য যোগাযোগ করা যাবে ০৩২২৮-২৬২৭২৮ নম্বরে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে জেলা প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande