
হাওড়া, ১৭ আগস্ট (হি.স.): ঘুষ নেওয়ার অভিযোগে হাওড়ার ব্যাঁটরা থানার এক সাব-ইন্সপেক্টরকে হাতেনাতে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। ধৃত পুলিশ আধিকারিকের নাম সুব্রত সরকার। সোমবার ঘুষ নেওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, একটি নির্দিষ্ট কাজের জন্য এক ব্যক্তির কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার। বিষয়টি ওই ব্যক্তি দুর্নীতি দমন শাখাকে জানান। অভিযোগ পাওয়ার পরই তদন্তকারীরা পরিকল্পনা করে ফাঁদ পাতেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার নির্দিষ্ট জায়গায় ওই ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সেখানে পৌঁছে যান। টাকা নেওয়ার সময়ই সুব্রত সরকারকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এন্টি করাপশন ব্রাঞ্চ সূত্রে দাবি, ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করার পরই সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগের পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতারের ঘটনায় হাওড়া পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়