
পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): টানা বৃষ্টির জেরে জলযন্ত্রণা আরও তীব্র হলো পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে। জলমগ্ন হয়ে পড়েছে এখানের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত সারতা গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তুলনামূলক উঁচু এলাকা সারতা ছাতারকোল এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে জল ঢুকে পড়ায় পঠনপাঠন ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে খবর, নিচু এলাকাগুলি আগেই জলমগ্ন হয়ে পড়েছিল। তবে টানা বৃষ্টির ফলে সোমবার সকালে সারতা ছাতারকোল এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশুশিক্ষা কেন্দ্র এবং একটি মাধ্যমিক স্কুলে জল ঢুকতে শুরু করে। শ্রেণি কক্ষ থেকে শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণ— সবই জলের তলায়। শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে এবং জল জমে থাকার কারণে ক্লাস নেওয়া সম্ভব হয়নি এদিন।
স্কুল চত্বরে জল ঢুকে পড়ায় চরম উদ্বেগে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, টানা বৃষ্টির সঙ্গে নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে এত দ্রুত জল জমেছে। জল দ্রুত নিষ্কাশনের দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষজন। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ