
ঝাড়গ্রাম, ১৭ আগস্ট (হি.স.): ঝাড়গ্রাম জেলা জুড়ে টানা প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন। একাধিক নদ-নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে গুরুত্বপূর্ণ কজওয়েগুলি। এর ফলে ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে জামবনি, গোপীবল্লভপুর এবং বেলপাহাড়ির একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টানা বৃষ্টিতে ফুঁসছে জামবনি ব্লকের চিল্কিগড় সংলগ্ন ডুলুং নদী। জামবনি এবং ব্লক সদর গিধনির সংযোগকারী মূল কজওয়েটি নদীর খরস্রোতে ডুবে গিয়েছে। কজওয়ের ওপর দিয়ে জল বইতে থাকায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে জামবনি ব্লক সদরের যোগাযোগ বন্ধ। ফলে জরুরি কাজে বেরোনো মানুষজন ও স্থানীয় ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন।
অন্যদিকে, গোপীবল্লভপুর-২ ব্লকের কাঁথুয়া খালের জল বাড়ায় সংলগ্ন কজওয়েটি ডুবে গিয়েছে। এর জেরে গোপীবল্লভপুর-১ ও নয়াগ্রাম ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম জেলা সদরের সংযোগকারী মূল পথটি বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি গোপীবল্লভপুর-২ ব্লকের বেশ কিছু গ্রামও জেলা সদর থেকে বিচ্ছিন্ন।
বৃষ্টির প্রকোপে ফুলেফেঁপে উঠেছে বেলপাহাড়ির তারাফেনি নদীও। নদীর জল উপচে হাড়দার ঢোলভাঙা এলাকায় কজওয়ে জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বেলপাহাড়ির পথ ধরে বাঁকুড়া এবং লালগড়গামী সমস্ত যানবাহন চলাচল আপাতত সম্পূর্ণ স্থগিত রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ