
বাগডোগরা, ১৭ আগস্ট (হি.স.): তারাপীঠের অগ্নিকাণ্ডে দোষীরা রেহাই পাবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সোমবার বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগের সরকারের আমলে ওই এলাকার হোটেলগুলিতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না—যে ধরনের ব্যবস্থা থাকা উচিত ছিল। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে হোটেলের মালিককে গ্রেফতার করা হয়েছে; তাই এর জন্য দোষীদের শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য, তারাপীঠের হোটেলের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্যের। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। সূত্রের খবর, হোটেলের সবচেয়ে উপরের তলায় ছিল ওই পরিবার। আগুন লেগেছে জানতে পেরে শিশুদের নিয়ে সকলে একসঙ্গে পালানোর চেষ্টা করেন। নীচে নামতেই আগুনের মুখে পড়েন। তাঁদের কাউকে বাঁচানো যায়নি। এ ছাড়াও আরও চার জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ