
পুরুলিয়া, ১৭ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় নতুন নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা-র বড় আর্থিক অবদান রয়েছে। এর মাধ্যমে জেলার লক্ষ লক্ষ মানুষ পরিশোধিত ও নিরাপদ জল পাবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন, স্বাধীনতার ৮০ বছর পালন করা হল, অথচ পুরুলিয়া ও বাঁকুড়ায় পানীয় জল এল না, এটা যন্ত্রণাদায়ক। রাজ্যের পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জল কষ্ট দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মুখ্যমন্ত্রী আরও বলেন, জলজীবন মিশনে পূর্বতন সরকারকে ২৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে, কিন্তু দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছয়নি। নল আছে, কিন্তু জল নেই। এই কারণে জলজীবন মিশনের সুফল পাওয়া যায়নি বলেও জানান মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ