তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত আলিপুরদুয়ারের তিন জন, শোকের ছায়া
আলিপুরদুয়ার, ১৭ আগস্ট (হি.স.): বীরভূমের তারাপীঠে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন আলিপুরদুয়ারের তিন বাসিন্দা। মৃতদের পরিচয় সুবীর সাহা, অমিত পাল এবং কমল রায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই খবর পৌঁছাতেই আলিপুরদুয়ার শহরের নিউটাউন এবং আলিপু
তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত আলিপুরদুয়ারের তিন জন, শোকের ছায়া


আলিপুরদুয়ার, ১৭ আগস্ট (হি.স.): বীরভূমের তারাপীঠে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন আলিপুরদুয়ারের তিন বাসিন্দা। মৃতদের পরিচয় সুবীর সাহা, অমিত পাল এবং কমল রায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই খবর পৌঁছাতেই আলিপুরদুয়ার শহরের নিউটাউন এবং আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক কমল রায়ের গাড়িতে করেই গত শুক্রবার আলিপুরদুয়ার থেকে রওনা হয়েছিলেন সুবীর সাহা ও অমিত পাল। সুবীরবাবু পেশায় জীবন বীমার এজেন্ট এবং একটি আসবাবপত্রের দোকানও রয়েছে তাঁর। আর অমিতবাবুর একটি ওষুধের দোকান রয়েছে।

তিনজন মিলে প্রথমে পুজো দিতে যান 'বাবাধামে'। সেখান থেকে রবিবার তাঁরা তারাপীঠে এসে পৌঁছান এবং একটি হোটেলে ওঠেন। সোমবার তারাপীঠের ওই হোটেলে অগ্নিকাণ্ডে তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ স্বজনেরা। পারিবারিক সূত্রে খবর, সুবীর সাহা ও অমিত পালের স্ত্রী ও সন্তানদের এখনও এই মর্মান্তিক পরিণতির কথা জানানো হয়নি। শোকে ভেঙে পড়েছেন পরিবারের বাকি সদস্যরা। ইতিমধ্যেই মরদেহ শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দুই পরিবারের প্রতিনিধিরা তারাপীঠের উদ্দেশে রওনা দিয়েছেন। এই মর্মান্তিক এই দুর্ঘটনায় আলিপুরদুয়ার জুড়ে শোকের আবহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande