
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে হলদিয়ার দুর্গত এলাকা ও ত্রাণশিবির পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার হলদিয়ায় পৌঁছে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণশিবিরগুলিতে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তরফে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।
হলদিয়ার বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুজল, আবার কোথাও বুকসমান জল জমে রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ২৭টি ত্রাণশিবির খোলা হয়েছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজের জন্য একটি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।
এদিন হলদিয়া ভবনে জেলাশাসক নিরঞ্জন কুমার এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহার সঙ্গে বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। বৈঠকে বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজ, ত্রাণবণ্টন এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি এবং পরিস্থিতির বিস্তারিত তথ্য জানান।
পরে ত্রাণশিবিরগুলিতে গিয়ে দুর্গতদের প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। অগ্নিমিত্রার অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে হলদিয়ার নিকাশি ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ। আগের সরকার এই সমস্যা সমাধানে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ অর্থ দ্রুত কাজে লাগানোর কথা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়