
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারেই ভারী বৃষ্টিতে নাকাল কলকাতা। রবিবার রাতভর নাগাড়ে বৃষ্টিতে স্তব্ধ হয়ে পড়ে শহরের স্বাভাবিক জনজীবন। জল জমায় উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই তৈরি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
জল জমে যাওয়ার ছবি ধরা পড়ে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট এবং এম জি রোড এলাকায়। পাশাপাশি, কাশীপুর, বিটি রোড, কাঁকুরগাছি আন্ডারপাস এবং উল্টোডাঙার একাধিক রাস্তাও জলের তলায়।
এছাড়া পার্ক স্ট্রিটের একাংশ, সাদার্ন অ্যাভিনিউ ও রবীন্দ্রসদনের সামনের অংশ জলমগ্ন হয়ে পড়ে। তীব্র যানজট তৈরি হয় পার্ক স্ট্রিট, ই এম বাইপাস এবং শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায়। ফলে দীর্ঘক্ষণ যানবাহন থমকে থাকে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি ও পাতিপুকুরে জল জমে যাওয়ায় গাড়ি চলে অতি ধীরগতিতে। বাদ পড়েনি বেহালাও; বিবেকানন্দ রোড–সহ একাধিক এলাকায় জল জমে থাকায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা। এদিন রাস্তায় অটো ও ট্যাক্সির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকায় সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ