
মালদা, ১৭ আগস্ট (হি.স.): তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার মালদার রতুয়া থানার সামনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম শ্রবণ কুমার দাস। তিনি সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই রতুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
তিন দিনের পুলিশি হেফাজত শেষে সোমবার শ্রবণবাবুকে আদালতে তোলার জন্য রতুয়া থানা থেকে বের করা হচ্ছিল। অভিযোগ, ঠিক সেই সময় থানার বাইরে জড়ো হওয়া স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ঠিকাদার ও সাধারণ মানুষ এই তৃণমূল নেতার দুর্নীতি ও তোলাবাজিতে অতিষ্ঠ ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ