
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): রবিবার রাতভর দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে কলকাতা সংলগ্ন উত্তর ও পূর্ব শহরতলির এক বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাট-নিউ টাউন থেকে শুরু করে দমদমের বিস্তীর্ণ এলাকা এখন হাঁটু জলে হাবুডুবু খাচ্ছে। সপ্তাহের শুরুতেই জলযন্ত্রণা আর যানজটের জোড়া ফলায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসযাত্রীরা।
উত্তর ও পূর্ব কলকাতার জল নিকাশির মূল ভরসা বাগজোলা, কেষ্টপুর এবং ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলগুলি ইতিমধ্যেই জলে টইটম্বুর। বহু জায়গায় খালের জল উপচে আশপাশের নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে মূল সড়কগুলিতেও। ভিআইপি রোড, দমদম রোড, পি কে গুহ রোড এবং লেক টাউন ও পাতিপুকুর আন্ডারপাসের আশপাশে কোথাও কোথাও হাঁটু সমান জল জমে গিয়েছে। একই অবস্থা দেখা গিয়েছে রাজারহাট-গোপালপুর, দক্ষিণ ও উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুরের একাধিক নিচু এলাকায়।
সোমবার সকাল থেকেই রাস্তায় বাস, অটোর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। জল জমে থাকার কারণে একাধিক রুটে যান চলাচল ধীর গতিতে চলছে, অনেক জায়গায় গাড়ি খারাপ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, আবার অনেকেই বাধ্য হয়ে জল ভেঙেই হেঁটে রওয়ানা দিয়েছেন।
জল দ্রুত বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকেই ময়দানে নেমেছেন বিভিন্ন পৌরসভার কর্মীরা। পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। তবে পুরসভা সূত্রের খবর, নিকাশি খাল ও সংলগ্ন জলাশয়গুলি ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ থাকায় নিকাশি পাম্প চালিয়েও জল নামতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। বৃষ্টি না থামলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে আশঙ্কা থাকছেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ