
হুগলি , ১৭ আগস্ট (হি.স.)। বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পঞ্চ কবির অমর সৃষ্টিকে স্মরণ করে চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁশবেড়িয়ার ‘প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটি’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা ও যন্ত্রসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে পঞ্চ কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। পঞ্চ কবির সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার মাধ্যমে বাংলার সাংস্কৃতিক জগত যে সমৃদ্ধ হয়েছে, অনুষ্ঠানে সেই ঐতিহ্যের কথাও উঠে আসে।
শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলা সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন উপস্থিতরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সুবীর নাগ বলেন, বাংলার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য ও পঞ্চ কবির অমর সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন সুন্দর সাংস্কৃতিক আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA