
আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষোভ ফের প্রকাশ্যে এল। অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রাস্তায় বসে ধর্নায় শামিল হলেন এসটিজিটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে না। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে উত্তীর্ণ পরীক্ষার্থীদের।
এদিন দুপুরের দিকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এসটিজিট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা লক্ষ্মীনারায়ণবাড়ি রোডের উপর বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে অবিলম্বে মেধা তালিকা প্রকাশ এবং উত্তীর্ণ সকলকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভের জেরে ব্যস্ত এই সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত জনৈক চাকরিপ্রার্থী জানান, গত প্রায় সাত বছর ধরে এসটিজিটি-তে কোনও নিয়োগ হয়নি। ২০২৫ সালে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মধ্যে ২১৭৬ জন উত্তীর্ণ হন। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও এখনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং উত্তীর্ণদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি।
আন্দোলনকারীদের বক্তব্য, বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই এসটিজিটি-র ২১৭৬টি শূন্য পদের কথা জানিয়েছেন। তাহলে শূন্য পদ থাকা সত্ত্বেও কেন উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা উত্তীর্ণদের ভবিষ্যৎ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আন্দোলনকারীদের আরও অভিযোগ, নিয়োগের দাবিতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের দাবির স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই এবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে সরাসরি আন্দোলনে বসতে হয়েছে বলে জানান তাঁরা।
এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রাস্তায় বিক্ষোভ শুরু হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর পুলিশ আন্দোলনরত পরীক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। এর জেরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসটিজিটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের আন্দোলন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা উত্তীর্ণদের কর্মসংস্থানের দাবি থেকেই এই আন্দোলন। অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে শূন্য পদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ