
আরামবাগ , ১৭ আগস্ট (হি.স.)। জাতীয় স্তরের অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে সোনা জয় করে গোঘাটের মুখ উজ্জ্বল করলেন শ্যামবাজারের দুই প্রতিভাবান খেলোয়াড় দেবনাথ দত্ত ও দেবকুমার সেন। তাঁদের অসামান্য সাফল্যে গর্বিত গোঘাটবাসী।
সোমবার এই সাফল্যের জন্য দুই কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি দুই খেলোয়াড়ের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।
প্রশান্ত দিগার বলেন, দেবনাথ ও দেবকুমারের এই সাফল্য গোঘাটের ক্রীড়াজগতের জন্য অত্যন্ত গর্বের। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং হার না মানা মানসিকতা আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।
জাতীয় স্তরে সোনা জয়ের এই সাফল্যের পর আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চেও তাঁরা দেশের নাম উজ্জ্বল করবেন— এই আশাই করছেন গোঘাটবাসী। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন বিধায়ক প্রশান্ত দিগার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA