নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন একাধিক কজওয়ে, ঝাড়গ্রামে বিপর্যস্ত বাস চলাচল ও স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা
ঝাড়গ্রাম, ১৭ আগস্ট (হি. স.) : নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকার যোগাযোগ ব্যবস্থা। কোথাও খালের কজওয়ে জলের তলায় চলে গিয়েছে, আবার কোথাও নদীর জল বেড়ে সেতুর উপর দিয়ে বইছে। ফলে বাস ও পণ্যবাহী গাড়ি
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন একাধিক কজওয়ে, ঝাড়গ্রামে বিপর্যস্ত বাস চলাচল ও স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা


ঝাড়গ্রাম, ১৭ আগস্ট (হি. স.) : নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকার যোগাযোগ ব্যবস্থা। কোথাও খালের কজওয়ে জলের তলায় চলে গিয়েছে, আবার কোথাও নদীর জল বেড়ে সেতুর উপর দিয়ে বইছে। ফলে বাস ও পণ্যবাহী গাড়ি সহ বিভিন্ন যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চরমে পৌঁছেছে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ।

ফেকোঘাট থেকে তপসিয়া বাজার হয়ে গোপীবল্লভপুর ও নয়াগ্রাম যাওয়ার গুরুত্বপূর্ণ রুটে তপসিয়া খালের কজওয়েটি সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। প্রায় সাত-আট বছর আগে এই রুটের মূল সেতুতে ফাটল দেখা দেওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সেতুটিকে ঘিরে দিয়ে পাশে একটি নিচু কজওয়ে তৈরি করা হয়েছিল। তবে প্রতি বর্ষাতেই খালের জল বাড়লে কজওয়েটি ডুবে যায়। টানা বৃষ্টিতে এবারও সেটি পুরোপুরি প্লাবিত হওয়ায় গোপীবল্লভপুর ১ ও ২ নম্বর ব্লক এবং নয়াগ্রামের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।একইভাবে টানা বৃষ্টিতে তারাফেনি নদীর জল বেড়ে ঢোলভাঙা কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় বাঁকুড়া ও লালগড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে চরম ভোগান্তির মধ্য দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। পাশাপাশি শিলদার এঠেলাতেও তারাফেনি নদীর জল বাড়ায় সোমবার সকালে বাস চলাচল বন্ধ থাকে।অন্যদিতে চিল্কিগড়ে কজওয়ের উপর দিয়ে ডুলুং নদীর জল বইতে থাকায় গিধনির সঙ্গে ঝাড়গ্রাম জেলা সদরের যোগাযোগেও প্রভাব পড়েছে। বিনপুর-২ ব্লকের হারদা অঞ্চলেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছে।

সাত-আট বছর ধরে মূল সেতু বন্ধ থাকার পরেও কেন স্থায়ীভাবে উঁচু সেতু তৈরি করা হলো না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গ নিত্যযাত্রী সমিতিও স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছে। সংগঠনের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক সৌগত মাহাতো জানান, অস্থায়ী কজওয়ের ওপর নির্ভর করে সমস্যার সমাধান অসম্ভব। তিনি নয়াগ্রামের রামেশ্বরে সুবর্ণরেখা নদীর ওপর রামেশ্বর-গড়ধরা এলাকায় একটি সেতু তৈরির দাবি জানান, যা তৈরি হলে গোপীবল্লভপুর ১ ও নয়াগ্রাম ব্লকের বাসিন্দাদের জেলা সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কু।

টানা বৃষ্টিতে ঝাড়গ্রাম ব্লকের কুন্ডলডিহি গ্রামে এক বিপত্তি ঘটে। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ হরিপদ মাহাতোর মাটির বাড়ির একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। সেই সময় বারান্দায় থাকায় অল্পের জন্য রক্ষা পান হরিপদ মাহাতো ও তাঁর স্ত্রী খলনা মাহাতো। বাড়ির অন্য একটি দেয়ালেও ফাটল ধরেছে। সোমবার ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ওই পরিবারকে ত্রাণসামগ্রী দেন। আপাতত দম্পতিকে এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ৫২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সুবর্ণরেখার জল এখনও বিপদসীমার উপরে ওঠেনি, তবে জলস্তর ক্রমশ বাড়ছে। এর পাশাপাশি ডুলুং নদীর জলও হু হু করে বাড়তে শুরু করেছে। বর্ষার সময় প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী পরিকাঠামোগত সমাধান না হওয়ায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande