
ঝাড়গ্রাম, ১৭ আগস্ট ( হি. স.) চড়ে: নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের জেরে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের কুন্ডলডিহি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ কুন্ডলডিহি গ্রামের বাসিন্দা হরিপদ মাহাতোর মাটির বাড়ির একটি অংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে মাটির দেওয়ালটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। ঘটনার সময় হরিপদ মাহাতো ও তাঁর স্ত্রী খলনা মাহাতো বাড়ির বারান্দায় থাকায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। দেওয়াল ভেঙে পড়ার পাশাপাশি ঘরের অন্য একটি দেওয়ালেও বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে।আশ্রয়হীন পরিবার ও প্রশাসনিক সাহায্যঘর ভেঙে যাওয়ার পর নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন ওই দম্পতি। হরিপদ মাহাতো জানান, দেওয়াল ধসে যাওয়ায় বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং বাকি অংশও যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। তিনি সরকারের কাছে একটি স্থায়ী বাসস্থানের আবেদন জানান।সোমবার বিষয়টি জানতে পেরেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান ব্লক প্রশাসনের আধিকারিকেরা। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। একই সঙ্গে দম্পতিকে নিরাপদে রাখার জন্য গ্রামেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফ থেকে হরিপদ মাহাতোকে নতুন একটি বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো