পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম উপভোক্তা বাঁকুড়ার শুভদীপ হালদার
বাঁকুড়া, ১৭ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতেই এই প্রকল্পের প্রথম সুফল পেলেন বাঁকুড়া জেলার কোতুলপুরের বাসিন্দা শুভদীপ হালদার। একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা মেলায় ভীষণ খুশি শুভদীপের পরিবার, আত্
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম উপভোক্তা বাঁকুড়ার শুভদীপ হালদার


বাঁকুড়া, ১৭ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতেই এই প্রকল্পের প্রথম সুফল পেলেন বাঁকুড়া জেলার কোতুলপুরের বাসিন্দা শুভদীপ হালদার। একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা মেলায় ভীষণ খুশি শুভদীপের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষজন।

গত কয়েক দিন ধরে টানা জ্বরের সমস্যায় ভুগে কোতুলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শুভদীপ। তাঁর পরিবারের চরম আর্থিক অনটনের কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগেই রবিবার বিকেলে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য দফতরে আবেদন জানানো হয়। আবেদন জমা পড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক সম্মতি মেলে এবং সরকারি এই যোজনার অধীনে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়।

বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে শুভদীপের পরিবার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই উন্নত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই প্রকল্প চালু হওয়ায় শুভদীপের পরিবার রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক ও শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই শুভদীপের জন্য দ্রুত আয়ুষ্মান ভারত যোজনার আবেদন করা হয়েছিল। স্বাস্থ্য দফতর থেকে সবুজ সংকেত মিলতেই পুরো পরিষেবা নিখরচায় দেওয়া সম্ভব হয়েছে। আগামী দিনেও এই প্রকল্পের আওতায় সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, রাজ্যে আয়ুষ্মান ভারতের শুভ সূচনা ও প্রথম উপভোক্তা হিসেবে নিজেদের এলাকার যুবকের সুযোগ পাওয়ার খবর ছড়াতেই উচ্ছ্বাস দেখা গেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যেও। এটিকে 'বিকশিত ভারতের' প্রকৃত উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande