
উত্তর ২৪ পরগনা, ১৮ আগস্ট (হি স)। সল্টলেকের অতিথিশালায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে (এএসআই) মুম্বইয়ের বান্দ্রা থেকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। অন্তর্বর্তী হেফাজতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে হাজির করানো হয়।
গত ১৯ জুনের ওই দুষ্কর্মের ব্যাপারে জুলাই মাসে ‘নির্যাতিতা’ তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি অতিথিশালায় তিনি গিয়েছিলেন। সেখানে তাঁকে ধর্ষণ করেন নলহাটি থানার ওই পুলিশকর্মী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
এর পর অভিযুক্ত নিখোঁজ হয়ে যায়। সম্প্রতি বিধাননগর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, অভিযুক্ত মুম্বইয়ে আত্মগোপন করে রয়েছেন। তার পরে সোমবার মুম্বই থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে হাজির করে পুলিশ নিজের হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত