
গোপীবল্লভপুর, ১৮ আগস্ট (হি.স.): বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন রাজ্য বিজেপির সম্পাদিকা সোনালী মুর্মু। একই সঙ্গে আগামী দিনে রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে একাধিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলা মিডিয়া ইনচার্জ প্রশান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব।
সোনালী মুর্মুর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনমুখী করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর।
গোপীবল্লভপুরের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে সুবর্ণরেখা-সহ বিভিন্ন নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সোনালী। অন্যদিকে, জঙ্গলমহলে হাতি-মানুষ সংঘাত কমাতে জঙ্গলের ভিতরেই হাতির খাদ্যের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে বনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর।
মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ—দুই দিককে গুরুত্ব দিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়