
কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত ‘অস্থায়ী’। তবে আগামী দু’মাসের জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই, মঙ্গলবার জানাল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এ দিন হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করার যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছেন, তা ‘অস্থায়ী’ সিদ্ধান্ত হিসেবে দেখতে হবে। আগামী দু’মাসের মধ্যে এই মামলা সিঙ্গল বেঞ্চের কাছে নিষ্পত্তি করতে হবে।
বিরোধী দলনেতা কে, তা নিয়ে কালীঘাট-পন্থী তৃণমূল ও ঋতব্রত-পন্থী তৃণমূলের দড়ি টানাটানি চলছে রাজ্যে সরকার গঠনের পর থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে আইনি ও রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এ দিন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে বলা হয়েছে, আগামী দু’মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে সিঙ্গল বেঞ্চকে। অর্থাৎ আগামী দু’মাস বিরোধী দলনেতার পদে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হতেই পারে। পাশাপাশি এদিন আদালতের তরফে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত ‘অস্থায়ী’।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ