রঘুনাথগঞ্জে মাদক উদ্ধার, গ্রেফতার ৩
মুর্শিদাবাদ, ১৮ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিপুল পরিমাণ মাদক-সহ ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কেজি ৪৮১ গ্রাম মাদক (হেরোইন), যার আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য দেড় কোটি
রঘুনাথগঞ্জে মাদক উদ্ধার, গ্রেফতার ৩


মুর্শিদাবাদ, ১৮ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিপুল পরিমাণ মাদক-সহ ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কেজি ৪৮১ গ্রাম মাদক (হেরোইন), যার আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে লালগোলা এলাকা থেকে একটি বাইকে চেপে তিন যুবক মাদক নিয়ে সুতির উদ্দেশে রওনা দেয়। খবর পাওয়া মাত্রই সতর্ক হয়ে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি জোরদার করা হয়। ঘোড়শালা মোড়ের কাছে সন্দেহজনক বাইকটিকে যেতে দেখে পিছু নেয় পুলিশের বিশেষ দল। এরপরই জাতীয় সড়কের ওপর বাইকটিকে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই যুবকদের সঙ্গে থাকা একটি সিমেন্টের বস্তা থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার হয়। সেই মাদক ও তার পাচারের জন্য ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ যুবককে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, লালগোলা থেকে এই মাদক নিয়ে সুতি এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের পেছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande