
দেহরাদূন, ১৮ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে উত্তরাখণ্ডের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, ঋষিকেশে গঙ্গা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া বিভাগ দেহরাদূন, তেহরি, পৌড়ি এবং উধম সিং নগরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। নাগাড়ে বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, রাস্তা বন্ধ এবং নদী-নালার জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার আবহাওয়া দফতর উত্তরাখণ্ডের অধিকাংশ স্থানে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দেহরাদূন, তেহরি, পৌড়ি এবং উধম সিং নগরের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
এদিকে, দেহরাদূনে নদীতে আটকে পড়া ৬ জন ছাত্রকে উদ্ধার করেছে এসডিআরএফ। প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ৬ জন ছাত্র নদীর কাছে ট্রেকিংয়ে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তাঁরা সেখানে আটকে পড়েন। খবর পেয়ে এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ