
কলকাতা, ১৮ আগস্ট (হি স)। জনগণনার কাজে শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার আবার শুনানি হলে বিচারপতি কৃষ্ণ রাওয়ের ভর্ৎসনার মুখে পড়েন জনগণনা কর্তৃপক্ষ। বিচারপতি কৃষ্ণ রাওয়ের প্রশ্ন, এ বিষয়ে কেন্দ্র কি রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে? কেন স্কুলের শিক্ষকদের এই কাজে যুক্ত করা হচ্ছে?
জনগণনায় শিক্ষকদের নিয়োগ মামলায় ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। এর আগেও প্রশ্ন তুলেছিল হাই কোর্ট। সেই সময়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, একসঙ্গে বহু শিক্ষককে এই কাজে নিযুক্ত না করে কয়েক জনকে নিতে পারত রাজ্য। সে ক্ষেত্রে বাকি শিক্ষকেরা স্কুলের কাজ সামলাতে পারবেন।
বিচারপতির প্রশ্ন, জনগণনা করার সময় কী? কর্তৃপক্ষ কোন সময়টা নির্ধারণ করেছেন? সকাল ৯টা থেকে বিকেল ৪টে? জনগণনায় শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে কি না, সেই উত্তরও জানতে চাওয়া হয়েছে।
স্কুলের পর এবং ছুটির দিন শিক্ষকেরা এই কাজ করলে কী ভাবে রাজ্য চলবে, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। কাজের সময় বদলানো যায় কি না, সেই বিষয়েও জনগণনা কর্তৃপক্ষকে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত