
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): জাতি গণনা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়ারাম রমেশ। তাঁর প্রশ্ন, ২০২১ সালে মোদী সরকার সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় জাতিগুলির নির্ভরযোগ্য ও একক তথ্য সংগ্রহের জন্য বিকল্প তালিকার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল। তাহলে ২০২৭ সালের জনগণনায় সেই ব্যবস্থা রাখা হয়নি কেন?
রমেশ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বলেন, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মোদী সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতি গণনার দাবি খারিজ করেছিল। তবে ওই হলফনামার ১২(ডি) অনুচ্ছেদে জাতির রেজিস্ট্রি তৈরির জন্য জাতি নির্বাচনের ক্ষেত্রে বিকল্প তালিকা দেওয়া ভালো হবে বলে উল্লেখ করা হয়েছিল। তাঁর মতে, এর ফলে নির্ভরযোগ্য ও একক তথ্য সংগ্রহ করা সম্ভব হতে পারে।
কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, ২০২১ সালে সরকার নিজেই যখন সুপ্রিম কোর্টের সামনে জাতিগুলির অভিন্ন ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য বিকল্প তালিকার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল, তখন ২০২৭ সালের জনগণনায় তা অন্তর্ভুক্ত করা হয়নি কেন?
তিনি বলেন, বিহার ও তেলঙ্গানায় করা জাতি সমীক্ষার আগেও এই ধরনের বিকল্প তালিকা তৈরি করা হয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও গত ৫ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে একই ধরনের তালিকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
রমেশ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার জাতি গণনা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেখাচ্ছে না। এবং বিষয়টি আটকে দিতে চায়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের ৩০ এপ্রিল জাতি গণনা করার ঘোষণা করে নিজের আগের অবস্থান পরিবর্তন করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য