
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে মাওবাদী পটভূমির কয়েকজন ব্যক্তি অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে মাওবাদ/ নকশালবাদে আক্রান্তদের নিয়ে কাজ করা জনসংঘর্ষ সমিতি। সংগঠনটি বিষয়টি নিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকের কাছে ব্যাখ্যা দাবি করার পাশাপাশি সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছে।
সমিতির দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত ওই আন্দোলনে অরুণ ভেলকে নামে এক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাঁর অতীত মাওবাদী যোগ নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের আয়োজকদের কাছে জানতে চাওয়া হয়েছে, ভেলকের অতীত সম্পর্কে তাঁরা অবগত ছিলেন কি না এবং আন্দোলনে তাঁর ভূমিকা কী ছিল।
জনসংঘর্ষ সমিতির সভাপতি দত্ত শিরকে বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের অতীত, ভূমিকা এবং তাঁদের বক্তব্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। তাঁর অভিযোগ, আন্দোলনের সময় ভেলকে সংসদ সম্পর্কে আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করেছিলেন। এ সংক্রান্ত একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি সমিতির।
সমিতির দাবি অনুযায়ী, চন্দ্রপুরের বাসিন্দা ভেলকে একসময় ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে চন্দ্রপুর-গড়চিরোলি এলাকার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে কাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, তিনি মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বদের সঙ্গে কাজ করেছিলেন। ২০১৪ সালে মহারাষ্ট্র এটিএস তাঁকে পুনে থেকে গ্রেফতার করে বলে জানিয়েছে সমিতি।
সমিতির আরও দাবি, ভেলকের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা হয় এবং বিশেষ আদালত তাঁকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ২০২৩ সালে সাজা শেষে তিনি মুক্তি পান।
এই পরিস্থিতিতে জনসংঘর্ষ সমিতির প্রশ্ন, ভেলকের অতীত সম্পর্কে সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত থাকা সত্ত্বেও দিল্লির ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকা কী ছিল এবং আয়োজকেরা তাঁর অংশগ্রহণ সম্পর্কে কতটা অবগত ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য