
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): লালকেল্লা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত জসির বিলাল ওয়ানি ওরফে দানিশের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা সিং–এর নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন খারিজ করেছে। শ্রীনগর থেকে দানিশকে গ্রেফতার করা হয়েছিল।
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দাবি, দানিশ ড্রোনে প্রযুক্তিগত পরিবর্তন করেছিল এবং গাড়ি-বোমা বিস্ফোরণের আগে রকেট তৈরির চেষ্টা করেছিল। তদন্তকারী সংস্থার মতে, উমর উন নবির সঙ্গে মিলে পুরো ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দানিশের।
এনআইএ জানিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক দানিশকে আত্মঘাতী হামলাকারী হিসেবে তৈরি করার জন্য উমর তার মগজধোলাই করেছিল। ২০২৪ সালের অক্টোবরে কুলগামের একটি মসজিদে তথাকথিত ‘ডাক্তার মডিউল’-এর সদস্যদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিল দানিশ। সেখান থেকে তাকে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তদন্তকারী সংস্থার দাবি, নিষিদ্ধ জইশ-ই-মহম্মদের হয়ে দানিশকে ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল। পাশাপাশি উমর বেশ কয়েক মাস ধরে তাকে আত্মঘাতী হামলাকারী হওয়ার জন্য প্রস্তুত করছিল। তবে ২০২৫ সালের এপ্রিলে নিজের আর্থিক দুরবস্থা এবং ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ—এই কারণ দেখিয়ে দানিশ ওই পরিকল্পনায় রাজি হয়নি বলে এনআইএ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর লালকেল্লার কাছে একটি আই-১০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি আমির রশিদ আলির নামে নথিভুক্ত ছিল। বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয় এবং ৩২ জন আহত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য