
গাজোল, মালদা, ১৮ আগস্ট (হি.স.): ১৯৪৭ সালের দেশভাগের সময় সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে মালদা জেলার অন্তর্ভুক্তি নিয়ে কয়েক দিন অনিশ্চয়তা তৈরি হয়েছিল। র্যাডক্লিফ সীমানা নির্ধারণের পর ১৭ আগস্ট মালদা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে মালদার বিভিন্ন এলাকায় ১৮ আগস্ট দিনটি বিশেষভাবে পালন করা হয়।
এই উপলক্ষে মঙ্গলবার গাজোলে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা নাগাদ গাজোল বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে থাকা মনীষীদের মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে সংশ্লিষ্ট মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন।
অনুষ্ঠানে মালদার ইতিহাসে ১৮ আগস্টের গুরুত্ব তুলে ধরা হয়। বিধায়ক বলেন, ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে মালদার এই বিশেষ অধ্যায় গভীরভাবে জড়িয়ে রয়েছে। দেশভাগের সময় জেলার ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা পরবর্তী সময়ে সীমানা নির্ধারণের মাধ্যমে দূর হয়। তাই এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করা প্রয়োজন।
ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, দেশাত্মবোধ জাগ্রত করা এবং মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এদিনের কর্মসূচি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাজোলে স্মরণ করা হয় মালদার সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়