
শ্রীভূমি, (অসম) ১৮ আগস্ট (হি.স.) : শ্রীভূমি জেলার সীমান্তবর্তী যোগীছড়া এলাকায় বিকাশ ধরের হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনার মধ্যেই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাল শ্রীভূমি জেলা বিজেপি। মঙ্গলবার জেলা বিজেপির পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে হত্যাকাণ্ডের তদন্তে কোনও ধরনের রাজনৈতিক, সাম্প্রদায়িক বা বাহ্যিক হস্তক্ষেপ বরদাস্ত না করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ পদাধিকারীদের স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১২ আগস্ট বাজরিছড়া থানার অন্তর্গত ছাগলমোয়া গ্রামের বাসিন্দা তথা স্থানীয় সমাজকর্মী বিকাশ ধর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর ১৪ আগস্ট সীমান্তবর্তী যোগীছড়া এলাকায় একটি পরিত্যক্ত কাঠামো থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
ঘটনার পর বাজরিছড়া থানায় ৫৬/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১০৩(১) ধারায় হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
জেলা বিজেপির স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বিকাশ ধরের মৃতদেহ উদ্ধারের পর হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এমন কিছু কার্যকলাপে যুক্ত হয়েছেন, যা তদন্তের গতিপথকে প্রভাবিত বা বিভ্রান্ত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তাঁর কথিত কার্যকলাপের ফলে সংবেদনশীল সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ও সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেছে বিজেপি।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, বিভিন্ন তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, বাজরিছড়া থানার ৫৬/২০২৬ নম্বর মামলার তদন্তের স্বার্থে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগসূত্র বা ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত, এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তৃতীয়ত, বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্ত যাতে কোনও রাজনৈতিক, সাম্প্রদায়িক কিংবা বাহ্যিক প্রভাব ছাড়াই দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিজেপি।
নিহত বিকাশ ধরের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি অসম পুলিশের মহাপরিচালকের কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে শ্রীভূমি জেলা বিজেপি। দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে কোনও ধরনের প্রভাব বা হস্তক্ষেপ থাকা উচিত নয়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস