
বীরভূম, ১৮ আগস্ট (হি.স.): তারাপীঠের বিদেশিনী হোটেলের পিছনের পুকুরে ডুবুরি নামিয়ে মঙ্গলবার তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার ভোরে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে হোটেলের কয়েকজন পিছনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন— এই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয় মঙ্গলবার।
এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, পুকুরে কোনও দেহ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর বোট নামানো হয়। উল্লেখ্য, সোমবার অগ্নিকাণ্ডের সময় হোটেলে মোট ৪৩ জন আবাসিক ছিলেন। প্রাথমিক উদ্ধারকাজে পুলিশ ২২ জনকে উদ্ধার করে। মৃত্যু হয় ৯ জনের। তদন্তকারীদের আশঙ্কা, প্রাণ বাঁচাতে ধোঁয়ার মধ্যে পথ হারিয়ে কেউ হোটেল সংলগ্ন পুকুরে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। সেই সম্ভাবনা থেকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ডুবুরি আনা হয়। হোটেল লাগোয়া পুকুরে তল্লাশি চালানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ