কর্ণাটকে নিহত তিন তামিল পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু
চেন্নাই, ১৮ আগস্ট (হি.স.): কর্ণাটকের জঙ্গলে বন দফতরের গুলিতে নিহত তিন তামিল পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। মঙ্গলবার বিধানসভায় অনুদানের দাবির উপর আলোচনার সময় এই ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রঞ্
কর্ণাটকে নিহত তিন তামিল পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু


চেন্নাই, ১৮ আগস্ট (হি.স.): কর্ণাটকের জঙ্গলে বন দফতরের গুলিতে নিহত তিন তামিল পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। মঙ্গলবার বিধানসভায় অনুদানের দাবির উপর আলোচনার সময় এই ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রঞ্জিত কুমার।

ঘটনাটি নিয়ে বিধানসভায় সরব হয় বিরোধী দলগুলি। বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন, এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে. পালানিস্বামী-সহ একাধিক বিধায়ক ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মৃতদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তার দাবি জানান।

পালানিস্বামী বলেন, কর্ণাটকের বনাঞ্চলে তিন তামিলকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত গুরুতর। ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি তদন্তভার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-র হাতে দেওয়ার দাবি জানান। সিপিআই বিধায়ক থালি রামচন্দ্রনও কর্ণাটক বন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে হত্যার মামলা করার দাবি তোলেন।

বিরোধীদের দাবির জবাবে বনমন্ত্রী রঞ্জিত কুমার জানান, মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের নির্দেশে নিহত তিন তামিল পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ তিন পরিবারের জন্য মোট ৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

জানা গিয়েছে, কর্ণাটকের একটি বনাঞ্চলে চার তামিল দেশি বন্দুক নিয়ে হরিণ শিকারে গিয়েছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছন। এরপর বনকর্মীদের সঙ্গে তাঁদের গুলির লড়াই হয়। বন দফতরের গুলিতে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য এক জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর তামিলনাড়ুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানায়। সরকার আর্থিক সহায়তার ঘোষণা করলেও বিরোধীরা সিবিআই তদন্ত এবং অভিযুক্ত বন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande