
আসানসোল, ১৮ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণের জেরে দুর্বিষহ অবস্থা পশ্চিম বর্ধমানের আসানসোলে। ইতিমধ্যে ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই আসানসোলেই। রেলপার, দিলদারনগর-সহ একাধিক এলাকায় বাড়িঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে প্রশাসনের নির্দেশে বিভিন্ন জলমগ্ন এলাকায় মানুষদের উদ্ধারে রাতভর তৎপর ছিল উদ্ধারকারীরা।
অবিরাম বৃষ্টির ফলে গারুই ও নুনী নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কল্যাণপুর হাউজিং কালভার্ট ও ব্রিজের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত দুর্ভোগে শহরবাসী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ