
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): সময়ের সঙ্গে আধুনিক হচ্ছে দেশের ডাক পরিষেবা। গ্রাহকদের আরও সহজ ও দ্রুত পরিষেবা দিতে ‘ডাক সেবা’ ও ‘ডাক মিত্র’ নামে দুটি নতুন অ্যাপ চালু করল ভারতীয় ডাক বিভাগ। সোমবার দিল্লি থেকে ভার্চুয়ালি এই দুই অ্যাপের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি এবং পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।
এদিন দেশজুড়ে পাইলট প্রকল্পের আওতায় সংস্কার করা ১৪টি সাব-পোস্ট অফিসেরও উদ্বোধন করা হয়। কলকাতার কাকুরগাছি সাব-পোস্ট অফিস রয়েছে এই তালিকায়। গ্রাহকদের আরও নিরাপদ ও ব্যবহারবান্ধব পরিষেবা দিতে সারা দেশে মোট ৪০টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘ডাক সেবা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ডাক বিভাগের একাধিক পরিষেবা পাওয়া যাবে। পোস্ট অফিস পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, টাকা জমা দেওয়া এবং পে-ইন স্লিপ ছাড়াই টাকা জমা দেওয়ার সুবিধা মিলবে। ই-কেওয়াইসি-র মাধ্যমেও বিভিন্ন পরিষেবার সঙ্গে গ্রাহকদের যুক্ত করা যাবে।
এছাড়াও পার্সেল বুকিং, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ এবং বিভিন্ন ফর্ম পূরণের মতো পরিষেবাগুলিও একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে আনা হয়েছে।
সিন্ধিয়া বলেন, সরকারের কাছে মানুষকে যেতে হবে না, বরং সরকারি পরিষেবাই মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়