শহরে যাত্রী নিয়ে অটো-ই-অটোর প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারকে ডেপুটেশন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
ডেপুটেশন কর্মসূচি


আগরতলা, ২৪ আগস্ট (হি.স.) : শহরে যাত্রী নিয়ে অটো, ই-অটো ও ই-রিক্সার প্রবেশের ক্ষেত্রে জারি থাকা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার এবং যানজট নিয়ন্ত্রণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখা। সোমবার সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবিতে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশনকে কেন্দ্র করে এদিন শহরে একটি মিছিলও বের করা হয়। মিছিলে অটো, ই-অটো ও ই-রিক্সা চালক এবং সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সংশ্লিষ্ট দফতরের সামনে পৌঁছায়। মিছিলের নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখার নেতৃত্ব অমল চক্রবর্তীসহ অন্যান্যরা।

ডেপুটেশন প্রদান কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের নেতা অমল চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমানে অটো, ই-অটো এবং ই-রিক্সাগুলিকে যাত্রী নিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর ফলে বহু অটো ও ই-অটো চালক আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত শ্রমিকদের রুজি-রোজগারের বিষয়টি বিবেচনা করে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি বলেন, অটো ও ই-অটো চালকরা দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত। শহরের যানজট নিয়ন্ত্রণের নামে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার সরাসরি প্রভাব শ্রমিকদের জীবিকা ও পরিবারের উপর পড়ে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত ও বিজ্ঞানসম্মত করার পাশাপাশি অটো শ্রমিকদের স্বার্থও রক্ষা করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যান চলাচলের ক্ষেত্রে সুস্পষ্ট নিয়ম প্রণয়ন এবং অটো ও ই-রিক্সা চালকদের জন্য যাত্রী পরিবহণের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। তাঁদের বক্তব্য, ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশাসন ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সমন্বয় থাকলে একদিকে যেমন যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যদিকে তেমনই চালকদের জীবিকাও সুরক্ষিত রাখা যাবে।

অমল চক্রবর্তী আরও জানান, শ্রমিকদের স্বার্থে প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই সোমবারের ডেপুটেশনের মাধ্যমে ফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তাঁর হুঁশিয়ারি, অবিলম্বে অটো, ই-অটো ও ই-রিক্সার যাত্রী নিয়ে শহরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শ্রমিকদের স্বার্থে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে অটো শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রয়োজনে রাস্তায় নেমে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিনের কর্মসূচিকে ঘিরে শহরে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। সংগঠনের নেতৃত্ব আশা প্রকাশ করেন, প্রশাসন শ্রমিকদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande