
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): ১৯৮০ সালের ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম কথিতভাবে যুক্ত করার ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন নিয়ে রায় ঘোষণা পিছিয়ে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের দায়রা আদালত। শনিবার স্পেশাল জজ প্রশান্ত কুমার জানান, আগামী ২১ সেপ্টেম্বর এই বিষয়ে রায় দেওয়া হবে।
এর আগে ২৫ জুলাই আদালত রায় সংরক্ষিত রেখেছিল। আইনজীবী বিকাশ ত্রিপাঠী এই আবেদনটি করেছেন। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দেওয়ার পর সেই নির্দেশকে দায়রা আদালতে চ্যালেঞ্জ করেন তিনি। ২০২৫ সালের ৯ ডিসেম্বর আদালত সোনিয়া গান্ধী এবং দিল্লি পুলিশকে নোটিস জারি করেছিল।
এর আগে ১১ সেপ্টেম্বর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া আবেদনটি খারিজ করে দিয়েছিলেন। আবেদনে দাবি করা হয়েছে, ১৯৮০ সালেই সোনিয়া গান্ধীর নাম দিল্লির নয়াদিল্লি বিধানসভা এলাকার ভোটার তালিকায় যুক্ত হয়েছিল। অথচ সেই সময় তিনি ভারতের নাগরিক ছিলেন না। পরে ১৯৮২ সালে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয় এবং ১৯৮৩ সালে ফের নাম যুক্ত করা হয়।
আবেদনে আরও দাবি করা হয়েছে, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালের এপ্রিল মাসে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন এবং ওই বছরই ভারতীয় নাগরিক হন। তাই ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম যুক্ত করার সময় ভুয়ো নথি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে। আবেদনকারীর দাবি, এটি একটি আমলযোগ্য অপরাধ এবং তাই সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া উচিত।
আবেদনকারী আরও জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানির সময় সোনিয়া গান্ধী বা দিল্লি পুলিশকে কোনও নোটিস দেওয়া হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য