
নয়াদিল্লি ৩১ আগস্ট (হি. স.): উত্তরাখণ্ডের হালদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভার পর কথিত ‘শুদ্ধিকরণ’-এর ঘটনায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় বিজেপি ও উত্তরাখণ্ড সরকারকে নিশানা করেছে কংগ্রেস। দলের নেতাদের অভিযোগ, কথিত শুদ্ধিকরণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ ঘটনার বিরুদ্ধে সরব হওয়া রাহুল গান্ধীর বিরুদ্ধেই মামলা করা হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কুমারী শৈলজা এক্স-এ বলেন, খাড়গের সভার পর শুদ্ধিকরণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ কথিত জাতপাতের এই আচরণের বিরুদ্ধে সরব হওয়া রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাঁর প্রশ্ন, এটাই কি সরকারের বিচার? তাঁর অভিযোগ, প্রথমে শুদ্ধিকরণ করা হয়েছে, পরে উত্তরাখণ্ড বিজেপির সভাপতি প্রকাশ্যে তার পক্ষে সওয়াল করেছেন। এখন রাহুল গান্ধী অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাওয়ায় উল্টে তাঁর বিরুদ্ধেই মামলা হয়েছে।
শৈলজার অভিযোগ, এটি কোনও সাধারণ ঘটনা নয়। এর মাধ্যমে সরকারের কথিত দলিত-বিরোধী ও সংবিধান-বিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। রাহুল গান্ধী সেই প্রশ্নই তুলেছেন, যা খাড়গে নিজেও সংসদে তুলেছিলেন। খড়গে সংসদে জানিয়েছিলেন, এই ঘটনায় তাঁর অস্পৃশ্যতার মতো অনুভূতি হয়েছিল এবং তিনি অপমানিত বোধ করেছিলেন।
রাজ্যসভায় বিরোধী দলের উপনেতা প্রমোদ তিওয়ারি রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরকে সরকারের কঠোর সিদ্ধান্ত বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিজেপির দলিত-বিরোধী মানসিকতা প্রকাশ পেয়েছে। একইসঙ্গে রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি রাজনৈতিক ভাবে আতঙ্কিত বলেও দাবি করেন তিনি।
কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে বিজেপি সরকার তাদের ‘আসল চেহারা’ দেখিয়ে দিয়েছে। খাড়গে সংসদের ভিতরে ও বাইরে জানিয়েছিলেন, তাঁর ভাষণের পর মঞ্চের কথিত শুদ্ধিকরণে তিনি গভীর ভাবে আহত হয়েছেন। তাঁর অভিযোগ, অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পর্যন্ত ঘটনার যৌক্তিকতা নিয়ে মন্তব্য করেছেন। দেশে দলিত ও বঞ্চিত শ্রেণির মানুষ সম্মান ও সমান অধিকারের জন্য লড়াই করছেন এবং এটি তাঁদের সাংবিধানিক অধিকার। রাহুল গান্ধী সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেই তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরকে মূল বিষয় করা উচিত নয়। তাঁর মতে, আসল বিষয় হল হালদ্বানিতে হওয়া কথিত শুদ্ধিকরণ। বিজেপি ও উত্তরাখণ্ড সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কারণ হল, শুদ্ধিকরণের বিরুদ্ধে সরব হওয়া ব্যক্তির বিরুদ্ধে দ্রুত এফআইআর করা হলেও যাঁরা কথিত ভাবে শুদ্ধিকরণ করেছিলেন বা করিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি।
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, খড়গে আসার পর কেউ কথিত ভাবে অপবিত্রতা অনুভব করে শুদ্ধিকরণ করে থাকলে, খাড়গে নিজেই সংসদে বিষয়টি জানিয়েছিলেন। বিজেপির প্রবীণ নেতারাও এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও শুদ্ধিকরণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এফআইআর হয়নি বলে অভিযোগ করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য