
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চ সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
দু’জনের জামিনের আবেদনের শুনানি ২৭ আগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হাইকোর্টে ছুটি থাকায় শুনানি হয়নি। পরে সোমবার ২৭ ও ৩১ আগস্ট— দুই তারিখের মামলাই তালিকাভুক্ত হয়। এর আগে ৩১ জুলাই উমর খালিদের জামিনের আবেদনের শুনানিতে দিল্লি পুলিশকে নোটিস দিয়েছিল হাইকোর্ট।
এর আগে ৪ জুলাই কড়কড়ডুমা আদালত উমর খালিদ ও শারজিল ইমামের নতুন জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের ৫ জানুয়ারির নির্দেশ মেনে চলতে তিনি বাধ্য। আদালতের বক্তব্য ছিল, দুই অভিযুক্তের জামিনের আবেদন ট্রায়াল কোর্টেও গ্রহণযোগ্য নয়।
শুনানির সময় উমর খালিদের হয়ে আইনজীবী ত্রিদীপ পেস দাবি করেছিলেন, অন্দ্রাবি মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ হওয়া নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল। তাঁর বক্তব্য ছিল, সাক্ষীদের বয়ান রেকর্ড না হলে এক বছর পর জামিনের আবেদন করা যাবে— সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এখন আর প্রযোজ্য নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য