
ঝাড়্গ্রাম, ৩১ আগষ্ট ( হি.স.): ঝাড়গ্রামে আধার পরিষেবা পেতে সাধারণ মানুষের হয়রানি কমানো এবং দ্রুত সমস্যা সমাধানের দাবিতে আধার কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি জমা দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো আধার কর্তৃপক্ষের সদর দফতরে এই স্মারকলিপি জমা দেন। আধার তৈরি, তথ্য সংশোধন, মোবাইল নম্বর সংযুক্তি-সহ বিভিন্ন পরিষেবা নিতে গিয়ে জেলার সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের আর অভিযোগ, ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত আধার কেন্দ্র নেই। যে কেন্দ্রগুলি রয়েছে, সেখানেও পরিকাঠামো ও কর্মীর অভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন প্রবীণ, বিশেষ ভাবে সক্ষম, জনজাতি এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষজন। এছাড়াও ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আধার সংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। আধারের কারণে যাতে কোনও যোগ্য রোগী জরুরি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এবিষয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি
অশোক মাহাতো বলেন, “আধার এখন বহু সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়। তাই আধার পরিষেবা পেতে গিয়ে মানুষকে অযথা হয়রানির শিকার হতে দেওয়া যায় না।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো