চিণ্ময়কৃষ্ণ দাসের ইস্যুতে সিপিআইএম-কে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, পাল্টা তোপ বামেদের
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : বাংলাদেশে বন্দী সাধু চিণ্ময়কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে শনিবার বামপন্থীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজারহাট-গোপালপুরে এক গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি
গণেশ পূজার উদ্বোধনে শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : বাংলাদেশে বন্দী সাধু চিণ্ময়কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে শনিবার বামপন্থীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজারহাট-গোপালপুরে এক গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত না হলে এখানকার বাঙালি হিন্দুদের অবস্থাও চিণ্ময়কৃষ্ণ দাসের মতো হতে পারত। এই প্রসঙ্গে বাঙালি হিন্দুদের সুরক্ষায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও স্বামী প্রণবানন্দের অবদান স্মরণ করান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশে চিণ্ময়কৃষ্ণ দাসের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাঁর আবেগঘন ছবি বিশ্বজুড়ে সনাতনীদের হৃদয় স্পর্শ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জী এবং স্বামী প্রণবানন্দের দীর্ঘ সংগ্রামের ফলেই আজ বাঙালি হিন্দুরা ভারতে নিরাপদে বাস করার সুযোগ পাচ্ছেন। অভিযোগ তুলে তিনি বলেন, আগের বাম ও তৃণমূল কংগ্রেস সরকারগুলি এই দুই মহান নেতার ঐতিহাসিক অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন চিণ্ময়কৃষ্ণ দাস। গত বৃহস্পতিবার তাঁর মায়ের প্রয়াণের পর চট্টগ্রাম আদালত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তাঁকে পাঁচ ঘণ্টার প্যারোল দেয়। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, মায়ের শেষ ইচ্ছা ছিল বন্দি ছেলের মুখ দেখার, কিন্তু আবেদন জানানো সত্ত্বেও জামিন মেলেনি। এছাড়া গত বছর ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে সুর চড়ান তিনি।

শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবে সিপিআইএম নেতা কলতান দাসগুপ্ত পাল্টা আক্রমণ শানান। বিজেপির বিরুদ্ধে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ তুলে তিনি বলেন যে, বামপন্থীরা দেশের সীমানার ঊর্ধ্বে উঠে সর্বদা সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সংখ্যাগুরু আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার থেকেছে।

কলতান আরও বলেন, বাংলাদেশে চিণ্ময়কৃষ্ণ দাসকে দেশদ্রোহের তকমা দিয়ে জেলে রাখা হয়েছে, ঠিক যেমন ভারতে উমর খালিদ বন্দি। পাশাপাশি ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হওয়া প্রবীণ সমাজকর্মী স্ট্যান স্বামীকেও দেশদ্রোহের অভিযোগে জেলে রাখা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে বিজেপির নীতি দ্বিচারিতাপূর্ণ বলে দাবি করেন তিনি।

কেষ্টপুর ও রাজারহাটের পূজা মণ্ডপ থেকে ৩৪ বছরের বাম শাসনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে পঞ্জিকা, শাস্ত্র, পুরোহিত, আরতি ও পুষ্পাঞ্জলির মতো ধর্মীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়নি। পূজা মণ্ডপের বাইরে বামপন্থী বইয়ের স্টল প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, সেখানে কার্ল মার্ক্সের বই মিললেও স্বামী বিবেকানন্দ, ভারত সেবাশ্রম সংঘ, এমনকি গীতা বা হনুমান চালিসার মতো ধর্মীয় বই রাখা হতো না।

তৃণমূল সরকারের ওপর তোপ দেগে তিনি দাবি করেন, এই বছর পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত সময়েই দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন হবে। পিতৃপক্ষে পূজার উদ্বোধন বন্ধ থাকবে এবং মহাঅষ্টমীর দিনে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না যে মানুষ কোন বই পড়বেন বা কী খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শারদোৎসব' এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আলেখ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বছরও দুর্গাপূজা পূর্ববর্তী ঐতিহ্য ও সংস্কৃতির ধারা মেনেই উদযাপিত হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভায় দুর্গাপূজার মণ্ডপ সংলগ্ন বইয়ের স্টলে কেবল 'শারদোৎসব' লেখার বিরোধিতা করে 'দুর্গাপূজা' শব্দ ব্যবহারের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande