
ঝাড়্গ্রাম, ১২ সেপ্টেম্বর ( হি. স.): অনলাইনের দুনিয়ায় প্রতারণার ফাঁদ দিন দিন বাড়ছে। সেই ফাঁদ থেকে পড়ুয়াদের সতর্ক করতে এবার স্কুলে গিয়ে সাইবার সচেতনতার পাঠ দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শনিবার বিনপুর হাইস্কুলে প্রায় ২০০ জন পড়ুয়াকে নিয়ে সাইবার অপরাধ ও নিরাপদ ডিজিটাল ব্যবহারের বিষয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। বিনপুর থানার উদ্যোগে এবং ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে পুলিশকর্মীরা পড়ুয়াদের অনলাইন প্রতারণা, ফিশিং, পরিচয় চুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার-সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিতভাবে জানান। পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের সতর্ক করে বলা হয়, অপরিচিত কোনও লিঙ্কে ক্লিক না করতে এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য অচেনা কারও সঙ্গে ভাগ না করতে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক মেসেজ বা ফোনকল এড়িয়ে চলা এবং কোনও পরিস্থিতিতেই ওটিপি পিন বা গোপন তথ্য কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কোনও পড়ুয়া বা পরিবারের সদস্য সাইবার প্রতারণার শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শও দেওয়া হয়। সচেতনতা এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারের মাধ্যমেই সাইবার অপরাধের ফাঁদ অনেকটাই এড়ানো সম্ভব বলে পুলিশ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো