
হুগলি , ১২ সেপ্টেম্বর (হি.স.): সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে পবিত্র সোমনাথ তীর্থযাত্রার শুভ সূচনা হল চন্দননগর থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ তীর্থযাত্রায় চন্দননগর থেকে ২২ জন অংশগ্রহণ করছেন।
শনিবার এই তীর্থযাত্রায় সামিল হতে পেরে গর্বিত ও আনন্দিত বলে জানান চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, সনাতনী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই মহতী উদ্যোগের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
চন্দননগর থেকে তীর্থযাত্রার সূচনাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। যাত্রীরা সোমনাথ মন্দিরে পুজো ও দর্শনের পাশাপাশি দেশের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নিজেদের আরও নিবিড়ভাবে যুক্ত করার সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা।
বিধায়ক দীপাঞ্জন গুহ আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ধর্মীয় অধিকার ও ভাবাবেগকে মর্যাদা দেওয়ার এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এগিয়ে যাবে। চন্দননগর থেকে অংশগ্রহণকারী ২২ জন তীর্থযাত্রীর নিরাপদ ও সফল যাত্রা কামনা করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA