
হাফলং (অসম), ১২ সেপ্টেম্বর (হি স): ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ‘ক্লিনলিনেস মডিউল’ বা পরিচ্ছন্নতা বিষয়ক শিক্ষামূলক মডিউল প্রকাশ করা হল। শনিবার হাফলংয়ের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে মডিউলগুলি প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গরলোসা, চেয়ারম্যান মোহেত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতন করতেই এই মডিউলগুলি তৈরি করা হয়েছে। একই সঙ্গে স্কুল, বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিশুদের ভূমিকা সম্পর্কেও সচেতনতা তৈরি করা হবে।
মডিউলগুলিতে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সহজ ও ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের ছোটবেলা থেকেই দায়িত্বশীল অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হবে।
উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগের ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বাড়বে। শ্রেণিকক্ষে শেখা পরিচ্ছন্নতার অভ্যাস শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তারা বাড়ি ও বৃহত্তর সমাজেও তা প্রয়োগ করবে। এর ফলে শিশুদের মাধ্যমে পরিবার ও সম্প্রদায়ের মধ্যেও পরিচ্ছন্নতা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা আরও শক্তিশালী হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব