
কাঠুয়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০২৬ কার্যকর করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া পুর পরিষদের উদ্যোগে সোমবার পুর পরিষদ কার্যালয় চত্বরে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের স্বচ্ছতা ব্যবস্থা আরও উন্নত করা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সম্পর্কে পুরকর্মী ও সাধারণ মানুষকে সচেতন করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞ তপন মহন্ত বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাড়ি থেকেই বর্জ্য আলাদা করা, বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, বর্জ্য পরিবহণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং নিরাপদে বর্জ্য নিষ্পত্তির বিষয়ে তিনি বিস্তারিত জানান।
এছাড়াও বেশি পরিমাণে বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির দায়িত্ব, বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী আলাদা করার কেন্দ্রের পরিচালন পদ্ধতি, বাড়িতে জৈব বর্জ্য থেকে সার তৈরি এবং সাফাইকর্মীদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।
কর্মসূচিতে পুর পরিষদের আধিকারিক ও কর্মী, সাফাইকর্মী, স্বচ্ছতা দূত, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, রাস্তায় পসরা বসানো ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব কাঠুয়া গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, এদিন বর্জ্যমুক্ত কাঠুয়া গড়ার লক্ষ্যে সকলে একসঙ্গে কাজ করার সংকল্প নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস