
আরামবাগ , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ঐতিহ্যবাহী শহর চুঁচুড়ার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ এবং একই সঙ্গে নাগরিক পরিষেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন সারলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং উপভোক্তা বিষয়ক বিভাগের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। আজ তিনি চুঁচুড়ার ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ সেবা কেন্দ্রে উপস্থিত হন। সেখানে সেবা কেন্দ্রের নানাবিধ সমাজসেবামূলক কাজকর্মের পর্যালোচনা ও এলাকার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর মন্ত্রী চুঁচুড়ার ঐতিহাসিক 'বন্দে মাতরম ভবন' এবং বিখ্যাত 'জোড় ঘাট' সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় শহরটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও ঐতিহাসিক ঐতিহ্য বজায় রেখে কীভাবে আধুনিক নাগরিক সুবিধা প্রসারিত করা যায়, তা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে চুঁচুড়ার ঐতিহ্য সংরক্ষণ ও নগর উন্নয়নের গুরুত্ব তুলে ধরে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানান, চুঁচুড়ার সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে পাশাপাশি আধুনিক ও পরিচ্ছন্ন এক সমৃদ্ধ শহর গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।
ঐতিহাসিক স্মারক ও স্থানগুলির সংরক্ষণ, স্যানিটেশন সহ সার্বিক নাগরিক সুযোগ-সুবিধার অগ্রগতি এবং স্থানীয় মানুষের দৈনন্দিন স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে আগামী দিনে যৌথ উদ্যোগে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA