
হুগলি , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) 'সংগঠন সৃজন' কর্মসূচির মধ্য দিয়ে সুব্রত মুখার্জিকে পুনরায় হুগলি-১ জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তাঁর এই পুনর্নিয়োগে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় দলীয় নেতা ও কর্মীরা। সুব্রত মুখার্জিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে সোমবার উত্তরপাড়া টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। এদিনের সভা থেকে আগামী দিনে হুগলি জেলায় কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি একদম নিচু স্তরে দলীয় কাজকর্মে গতি আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় নেতৃত্বের আশা, দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সুব্রত মুখার্জির দক্ষ নেতৃত্বে হুগলি-১ জেলা কংগ্রেস আগামী দিনগুলিতে আন্দোলনের ধার বাড়াবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA