
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানালেন জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি।
সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় আরশাদ মাদানি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা একটি মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে—দেশ কি সংবিধান দ্বারা পরিচালিত হবে, নাকি কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শগত অ্যাজেন্ডায়? তাঁর অভিযোগ, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার এই পদক্ষেপ আসলে সংবিধানের সর্বোচ্চ মর্যাদা এবং নাগরিকদের দেওয়া ধর্মীয় স্বাধীনতায় সুপরিকল্পিতভাবে আঘাত হানার চেষ্টা।
মৌলানা মাদানি স্পষ্ট করেন, জমিয়ত উলেমা-ই-হিন্দ দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসন রক্ষার পক্ষে অবিচল। সেই কারণেই তারা ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।
তিনি আরও জানান, উত্তরাখণ্ড হাইকোর্টে এই মামলার ইতিমধ্যে ছয়টি শুনানি সম্পন্ন হয়েছে। জমিয়তের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল সহ অন্যান্য আইনজীবীরা আদালতে সওয়াল করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ