বিদ্যুৎ সংকট মোকাবিলা ও ‘সরল’ পোর্টাল চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের
তিরুঅনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলমে চলমান বিদ্যুৎ সংকট মেটানো, মেসির নামে আর্থিক প্রতারণা মামলায় সংবাদমাধ্যমের দপ্তরে তল্লাশি এবং শিল্প বিনিয়োগে নতুন পোর্টাল চালু নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন কেরলমের মুখ্যমন্ত্রী ভি ড
বিদ্যুৎ সংকট মোকাবিলা ও ‘সরল’ পোর্টাল চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের


তিরুঅনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলমে চলমান বিদ্যুৎ সংকট মেটানো, মেসির নামে আর্থিক প্রতারণা মামলায় সংবাদমাধ্যমের দপ্তরে তল্লাশি এবং শিল্প বিনিয়োগে নতুন পোর্টাল চালু নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন।বুধবার মুখ্যমন্ত্রী জানান, বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। বিদ্যুৎ কেনার জন্য ইতিমধ্যে দেশের ৭টি রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য রাজ্য থেকে একটি বিশেষ প্রতিনিধি দল মুম্বইয়ে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তি তৈরির পরিকল্পনা নিয়েছে।

ফুটবল তারকা লিওনেল মেসির নাম ভাঙিয়ে আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে মালয়ালম সংবাদ চ্যানেল ‘রিপোর্টার টিভি’-র দপ্তরে পুলিশের তল্লাশি অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই তল্লাশি নিছকই তদন্তের অংশ, সম্প্রচার ব্যাহত করার কোনও উদ্দেশ্য পুলিশের ছিল না। তিনি জানান, এই বড়সড় প্রতারণার ঘটনার তদন্তে আগেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। জিএসটি দপ্তরও পৃথক সিট গঠন করে অনিয়ম খতিয়ে দেখেছে এবং ক্রীড়া দপ্তরের অভ্যন্তরীণ তদন্তেও একাধিক অসঙ্গতি উঠে এসেছে। সেই প্রমাণের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে।

রাজ্যে বিনিয়োগ প্রস্তাবগুলিকে দ্রুত ও স্বচ্ছভাবে ছাড়পত্র দিতে মন্ত্রিসভা ‘সরল’ নামে একটি নতুন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, নিরাপত্তা ও বিচারব্যবস্থার পরিকাঠামো জোরদার করতে কোচির বুকে ২টি বিশেষ এনআইএ আদালত গড়ে তোলা হবে, যার যাবতীয় আর্থিক ব্যয়ভার কেন্দ্র সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande