
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) :
পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলাই বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে বুধবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র (এমওইউ) বা 'মৌ' স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় রাজ্যের প্রায় ১৩৫টি ঐতিহাসিক স্মারকের সংরক্ষণ, সংস্কার এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি সূত্রের খবর, ঐতিহাসিক স্থাপনাগুলিকে কেবল সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট স্মারকগুলিকে কেন্দ্র করে 'আলো ও ধ্বনি প্রদর্শনী' (লাইট অ্যান্ড সাউন্ড শো) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে স্থানীয় স্তরে পর্যটনভিত্তিক কর্মসংস্থানের বিপুল সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির বৈচিত্র্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন শিল্পের প্রসারের ক্ষেত্রে এই সমঝোতাপত্র এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে রাজ্য সরকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত