
কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নেপাল সরকার মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে মায়েদের জন্য নির্ধারিত ৯০ দিনের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হবে। একইভাবে বাবাদের জন্য বর্তমান ১৫ দিনের ছুটি বাড়িয়ে ৪২ দিন করার প্রস্তাব রাখা হয়েছে।
আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী সোভিতা গৌতম জানিয়েছেন, নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্য অধিকার আইন, ২০১৮ সংশোধনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে। এবার মন্ত্রকের তরফে মন্ত্রিসভার মাধ্যমে বিলটি সংসদে পেশ করার প্রস্তুতি চলছে।
প্রস্তাবিত বিলে মায়েদের জন্য ন্যূনতম ছয় মাসের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটি এবং বাবাদের জন্য ৪২ দিন পর্যন্ত বেতন-সহ প্রসূতি পরিচর্যার ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রী বলেন, নিরাপদ মাতৃত্ব ও অভিভাবকত্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হতে চলেছে।
মন্ত্রকের মতে, ব্যস্ত জীবন, কাজের বাড়তে থাকা চাপ এবং পরিবর্তিত জীবনযাত্রার কারণে অধিকাংশ পরিবার এখন এক বা দুই সন্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এই পরিস্থিতিতে মা-বাবা যাতে নবজাতক ও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই প্রস্তাব আনা হয়েছে।
মন্ত্রী সোভিতা গৌতম বলেন, মাতৃত্ব জীবনে এক বা দু’বার আসা একটি বিশেষ সময়। এই সময়ে মা-বাবা যাতে তাঁদের নবজাতক সন্তান ও পরিবারের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেও পড়ে। তিনি বলেন, সন্তান জন্ম দেওয়া মায়ের সঙ্গে যুক্ত একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও সন্তানের লালন-পালন শুধু মায়ের দায়িত্ব নয়, তা মা-বাবার যৌথ দায়িত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য